শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ১০ দিন এবং কলেজের শিক্ষার্থীরা ১৬ দিন পর্যন্ত ছুটি পাওয়ার সুযোগ পাচ্ছেন।
২০২৬ সালের সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা অনুযায়ী,দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন ছুটি রাখা হয়েছে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। পূজার নির্ধারিত ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবরও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এর পর ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজার ছুটি থাকায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের বিরতি পাওয়ার সুযোগ থাকছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
তবে ছুটির এ হিসাব প্রতিষ্ঠানভেদে কিছুটা বদলাতে পারে। অ্যাকাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর ছুটির সময়সূচি পুনর্নির্ধারণ করতে পারে। ফলে চূড়ান্ত সময়সূচির জন্য নিজ নিজ প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
কলেজের শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮-২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রাখা হয়েছে।
এ ছুটির সঙ্গে ১৬ ও ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি এবং ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হলে ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের বিরতি পাওয়ার সুযোগ থাকছে কলেজের শিক্ষার্থীদের।
দুর্গাপূজা উপলক্ষে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্যও ছুটি রয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
এদিকে পূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও এবার কয়েক দিনের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী ও ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটিসহ সরকারি চাকরিজীবীদের টানা পাঁচ দিনের ছুটি হচ্ছে।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির হিসাব আলাদা। দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারি ছুটির তালিকা সরাসরি প্রযোজ্য নয়। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে।
এ কারণে দুর্গাপূজায় বিশ্ববিদ্যালয়ভেদে ছুটির সময়ও আলাদা হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ছুটি দিতে পারে,আবার কোনোটি এর আগে বা পরে অতিরিক্ত ছুটি রাখতে পারে। ক্লাস,পরীক্ষা,প্রশাসনিক কার্যক্রম ও আবাসিক হলের সময়সূচিও প্রতিষ্ঠানভেদে আলাদা হতে পারে।
তাই বিশ্ববিদ্যালয়ের ছুটির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পৃথক বিজ্ঞপ্তিই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৭ অক্টোবর ২০২৬
এ জি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা