হাজীগঞ্জে শৈতপ্রবাহের ফলে ঘন-কুয়াশায় একদিনে পৃথক চারটি সড়ক দূর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার ১৬ জানুয়ারি হাজীগঞ্জ-কচুয়া সড়কে কাঁঠালি বাদামতলী এলাকায় বালুবাহী ট্রাক ও মাইক্রোবাসের (হাইস) মুখোমুখি সংঘর্ষ, পাতানিশে মোটরসাইকেল, হাজীগঞ্জ-রামপুর সড়কে অটোরিকশা এবং সেন্দ্রা-কামতা সড়কে সিএনজিচালিত স্কুটার উল্টে আহত হন। এরমধ্যে গুরুতর আহত ২ জনকে ঢাকায় রেপার করা হয়েছে।
জানা গেছে,মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ঘনকুয়াশার ফলে হাজীগঞ্জ-কচুয়া সড়কের উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ এলাকায় একটি দ্রুতগতির সিএনজিচালিত স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৫জন গুরুতর আহত হন। তারা হলো-মো.আরাফাত হোসেন (১৭),হাবীবুর রহমান (২০), সালমা আক্তার (২৪), সিরাজুল ইসলাম বেপারী (৭০) ও রনি (৪৫)।
চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.গোলাম মাওলা নঈম বলেন,‘মঙ্গলবার দুপুরের মধ্যে ৪টি দুর্ঘটনার ১২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ২ জনকে ঢাকায় রেফার করা হয়েছে। ঘনকুয়াশার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে তিনি জানান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন,‘ হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কে বালুবাহী পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি থানা হেফাজতে রয়েছে। ’
১৭ জানুয়ারি ২০২৪
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা